প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 21, 2025
ঢাবিতে ভূমিকম্প আতঙ্কে লাফ, আহত ১০
ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে ভূমিকম্পের আতঙ্কে ছাদ থেকে লাফ দিয়ে অন্তত ৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়াও, হল থেকে বের হওয়ার সময় ও প্যানিক অ্যাটাক হয়ে আরও ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় হল সংসদের ভিপিসহ কমপক্ষে ৬ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর।
জানা যায়, হঠাৎ অনুভূত ভূমিকম্পের কয়েক সেকেন্ডের মধ্যেই হলের কয়েকজন শিক্ষার্থী আতঙ্কে ছাদ ও উচ্চতলার জানালা থেকে লাফ দেন। এতে একজন গুরুতর আহত হয় এবং আরও পাঁচজন বিভিন্ন স্থানে আঘাত পান। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের ভিপি সাদিক হোসেন, একই হলের অর্থনীতি বিভাগের আব্দুল্লাহ আল তানবীর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আনজির হোসেন, জুলফিকার আলি সহ আরও ২ শিক্ষার্থী।
এছাড়াও, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২ তলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন ২০২৪-২৫ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নুরুল হুদা। পাশাপাশি, কবি জসিমউদদীন হলে ১ জন, ড. মো. শহীদুল্লাহ হলে ১ জন ও রোকেয়া হলে প্যানিক অ্যাটাক হয়ে ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের ফলে কবি জসিমউদদীন হল, সার্জেন্ট জহুরুল হক হল, শামসুন নাহার হলসহ বেশ কয়েকটি হলে ফাটল ধরার খবর পাওয়া গেছে।